Monday, October 15, 2018

স্বাক্ষর

স্বাক্ষর

নিবেদিতা আচার্য

আংটিটা গ্রিলের গায়ে বাজলেই প্রেমিক আসত
( রাজা সলমানের আংটি )
উল্টো দিকের ব্যালকনিতে প্রেমিক আসত
আমি বিশ্বাস করেছিলাম, ঠিক মত বাজাতে হবে
খুকুর কাচের চোখ, নকল বুক, চুলের ভেতর কাঁটা
প্রেমিক গরম হওয়ায় মিলিয়ে যেত
স্কুটারের শব্দ মিলিয়ে যেত
খুকু আমাকে আংটিটা একদিন দেবে মাথার নীল স্কাফটাও
প্রেমিকের বাবা রাস্তার এমাথা ওমাথা হাঁটত
                                    স্কুটার ফিরত না প্রেমিক ফিরত না
খুকুর ক্রুশ দিয়ে তৈরি লেস লম্বায় একটা নদী
                                        কোন দিন ফুরাবে না
আমাকে পাউডার লাগাত
                     জামার উপর পুতির হার দুলিয়ে দিত
আংটির কোন দাম ছিল না ওটা কেবল জ্যান্ত

খুকু উল্টো দিকের বাড়ির ফাঁক গলে প্রেমিকের কোঠরিতে ঢুকে যায় একদিন
বুকের উপর লেসের চাদর
আমরা বসেছিলাম অনেক দিনের পরে 
                    কোনো গান ছাড়া কোনো প্রেমিক ছাড়া

আমার হাতে খুকুর হাত কাঁচের চোখ জ্বলছে নিভছে 

বড় হয়ে গেলি তুই চুলের ভেতর কাঁটা খোঁজে
আংটিটা আবছা হয়ে হারিয়ে গেল ( রাজা সলমান এর আংটি )
আমার এই লেখার উপর খুকুর সই ছিল
                     গীতাঞ্জলি সেন চট্টোপাধ্যায়

                কোন ডেট ছাড়া, কোন বসন্ত ছাড়া

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...