ইন্দ্রাণী মুখোপাধ্যায়
বেছে নিতে পারি এই জল-গর্ভ ছলে
অথবা সময় বুকে পুষে রাখা চলে…
বুকের নিবিড়ে ঘন ঝড়ের অপেক্ষা,
আমি হেঁটে যেতে পারি নগ্ন কোলাহলে।
সেদিন প্রথম ছিল, ঋতু রক্ত ভয়,
কিশোরী অতল যোনী ডুবন্ত হৃদয়
তোমার চোখের কাছে প্রেম রাখা ছিল
উদাসীন রাজপথ যেমনটা হয়…
নগ্নতা গভীর হলে, নম্র হয় ভূমি
মোহগ্রস্ত রক্তস্রোত, তৃষ্ণা দ্রোহ তুমি
তোমার আঘাতে আজো ঋতুমতী হই
আমার অস্তিত্বটুকু ঋণ দিয়ে গুনি
আজ বেছে নিতে পারি জলের সেতার
বুকের গহীনে স্রোত কোমল গান্ধার,
জীবন উজান বায়… ঘাত প্রতিঘাতে
আমার অতলে গেলে তুমি সারাৎসার

No comments:
Post a Comment