আমি
যশোধরা রায়চৌধুরী
আড়াল বঞ্চনা করি, এক হাতে তুলে ধরি আত্মার আভাস
অন্যহাতে খুলে বলি সমস্ত হৃদয় জোড়া ত্রাস।
যে শিশু হাঁটেনি আজো, তার পায়ের পাতাদুটি যেমন নরম
সেইরকম শুদ্ধ আর পবিত্র যে মন, তাকে আঢাকা রেখেছ?
এখন ত বার বার উল্লাসে জানায় মাছিমশা
সে আঙুল ভবদেহ খেয়ে গেছে নিতান্ত আমিষ।
এক হাতে তুলে ধরি অসংখ্য প্রথার মধ্যে বসে থাকা বিশুদ্ধ হৃদয়।
পাঁকাল মাছের মতো চকচকে, অবাধ্য, করুণ। হাঁকপাঁকে।
রাতে শুয়ে মন দেখি। সে কালিমা-অবিলতা ভরা
দর্পণে দেখি না আর মুখ। তবু ঘুমের প্রত্যাশী
আমি বলি, কাল সকালেই উঠে দেখব, ওর গা থেকে ঝরছে সব কালো
মালিন্য সরিয়ে ফের ঝকঝকে হয়ে ওঠে নতুন দর্পণ।
No comments:
Post a Comment