অদিতি বসুরায়
ভাত
ভাত যেভাবেই হোক চাইতে হবেই।
ভাতের থালাকে প্রণাম কোরো রোজ;
ফুটন্ত ভাতের চেয়ে সুন্দর ঘ্রাণ, এ
জীবনে আমি পাই নি কখনও।
দুনিয়ার সেরা বন্ধু হল, একথালা ভাত
- নুন থাকুক বা নাই থাকুক।
সিরিয়া, চাঁদ
ইত্যাদি
দোলে একটা চাঁদ
উঠত।
বসন্ত রঙের সেই
চাঁদ বোলপুর যায় না আর!
এবছর সে সিরিয়ায়
তার তিনদিকে
বন্দুক তাক করা
তার পা থেঁতলে
গেছে
তাকে কারা যেন
সদ্যজাতর মতো বেঁধে
ফেলে রেখেছে
কবরখানার গেটে।
দোলে একটা চাঁদ
উঠতই।
এবার সে সিরিয়ায়।
সেখানে দিদি একমাত্র অক্সিজেন মাস্কটি তাকে দিয়ে
মারা গেছে।
চাঁদ তখনও তার
কোলে
চাঁদ একা কেঁদেছে
সারারাত
মায়ের খোঁজ নেই
বাবা অন্ধ।
এবার দোলে কোথাও
যেতে পারে নি সে
পূর্ণিমা-লক্ষী
কেঁদেছেন সারাদিন
চাঁদ জাগে নি
আর…।
No comments:
Post a Comment