অভিজিৎ বেরা
প্রত্নজিন
এক
আকাশ থেকে পড়ল বীজ।
তার মুখে আগুন। সে চেঁচায়—জল জল।
নদীটি দূরে, মানুষ প্রাণপণে খোঁড়ে তরল।
তার পেটে চড়া। বলে—মাটি সরা।
মানুষ খোঁড়ে উঠোন, খোঁড়ে অকুস্থল।
খুঁড়তে খুঁড়তে খুঁড়তে খুঁড়তে : ফলা।
বীজ সেখানে সেঁধিয়ে বলে—
মানুষ, আজ হতে
তুই আমার চ্যালা।
পথে পথে ফাঁদ, কী সুন্দর ঘুঘু
পহেলা ফলন ভাল
দ্বিতীয়টি অতি!
কী স্বর্ণ রঙ! শস্যে চাঁদের ঘ্রাণ!
নারী থাক অন্দরে
প্রয়োজন নেই বুনো বীজ আহরণ
কী স্বর্ণ রঙ! গ্রহণ লেগেছে ঘরে
বাড়ো মানুষ বাড়ো বৎসরে বৎসরে!
ঘরে ঘরে শিশু, উপুড় শস্য ভাঁড়ার
আসে কী সুন্দর ঘুঘু, চরে চারিধারে তার।
দানা খায় পাখি, দানা খায় পোকা
খায় খায় খায় খায় আর পথে ফাঁদ পাতা।
কী সুন্দর ফাঁদ, তার নীল রঙ তার লাল রঙ
শিকার ভুলেছ কবেই
নারী শিশু নর
অনাহারে তবে—
মর মর মর মর…
মর।
No comments:
Post a Comment