Monday, October 15, 2018

ঘুম

ঘুম
দীপ্তিপ্রকাশ দে

কত মানুষ যে ঘুমিয়ে কাদা হয়ে যায়!

আচ্ছা কাদাই কেন হয়, কেন জল হয় না, কিংবা বালি, পাথর, ইট, সিমেন্ট, সিরিয়াল, খবরের কাগজ! 
শুয়ে শুয়ে ভাবি। 
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি।

ঘুমের একটা বড় সুবিধে হল, বাইরে কী ঘটছে দ্যাখা যায় না। কিন্তু ভেতরটা দেখা যায়। স্পষ্ট।আজ যেমন দেখলাম সুজনকে। আমি যখন ইলেভেনে পড়ি, বাসের ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল ও! 
আজও পড়ে গেল। একেবারে হঠাৎ! আমাকে বলল, হাত বাড়া। সাহায্যের হাত। ঘুমের একটা বড় অসুবিধে হল, সেখানে কিছুই খুঁজে পাওয়া যায় না ঠিকঠাক। এমনকী টর্চ জ্বাললেও না। 
আমিও পেলাম না। কোথায় আমার সাহায্যের হাত? শেষে নিশ্চিত হলাম, আমার কোনও সাহায্যের হাতফাত নেই। যেগুলো আছে, সেগুলোর একটা ডান আর অন্যটা বাম! 

মন খারাপ হয়ে গেল! ঘুমের ভেতর মনখারাপ হওয়া তো সহজ। আসলে ঘুমের ভেতর সবকিছুই সহজ। একদম জলের মতো। 
তবু অবাক ব্যাপার! মানুষ ঘুমিয়ে শুধু কাদা হতে পারে, জল হতে পারে না!

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...