অচিন্ত্য মাজী
নোটন নোটন পায়রাগুলি বকবকম করে ছাদের কার্নিশ জুড়ে
তাদের অল্প মেলা ডানাগুলি মিশে গেছে এ ওর গায়ে
স্নিগ্ধ শাদা ফোলা ফোলা পালকগুলি উড়ছে হাওয়ায়
তুমি ছড়িয়েছ আঙিনায় আতপচাল আধফোটা গমের খই
একপাশে কুমড়ো লতাটি বেড়ে উঠেছে আনমনে
কী রঙ্গ দেখো জাদু কী রঙ্গ জাদু
রোমশ লতায় ঝুপ করে নেমে এল যুগল ভ্রমর ভ্রমরী
পুঞ্জাক্ষী মেলে পাখনা তুলে পরস্পরকে ফোটাল আলিঙ্গনে
অলক্ষ্যে মধু জমে সন্ধ্যামণির অঙ্গে
সুনিবিড় শান্তির মতো স্তিমিত হাসিটি
টোল খেয়ে গেল তোমার সুডোল নিটোল চিবুকে

No comments:
Post a Comment